পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবারকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, নতুনভাবে ছুটির তালিকা সমন্বয় করা হোক। বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়। জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসে আগামী ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নেতারা উল্লেখ করেন, রমজানে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া অত্যন্ত কষ্টকর। দীর্ঘ সময় রোজা রেখে তারাবিহ নামাজ আদায় করা শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর হয়ে দাঁড়ায়। তাই রমজানের পবিত্রতা রক্ষা ও দুর্ভোগ লাঘবে আগের মতো পুরো রমজান মাস ছুটি বহাল রাখা জরুরি। আবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় মোট আটটি সাপ্তাহিক ছুটিকে (শুক্র ও শনিবার) সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্চের ১৩, ১৪, ২০ ও ২১, মে মাসের ২৯ ও ৩০ এবং ডিসেম্বরের ২৫ ও ২৬ তারিখ। সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির হিসাবে গণনা করা অযৌক্তিক বলে দাবি করেন তারা। তাই রমজান মাসের ছুটি বহাল রেখে সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দিয়ে নতুনভাবে ছুটির তালিকা সমন্বয়ের আহ্বান জানান তারা।



