জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২৭ মার্চ) এক বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে ইতোমধ্যে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং অবৈধ মজুতদারি বন্ধে তথ্যদাতাদের জন্য শিগগিরই আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা আসছে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দিতে আহ্বান জানানো হয়েছে। এদিকে অবৈধ মজুতদারি ঠেকাতে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রাম থেকে আনুমানিক ৬ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করা হয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। বর্তমানে দেশের সব তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



