ঢাকা, ২ অক্টোবর ২০২৫ – “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রক্ত আদান-প্রদানের তথ্যসমৃদ্ধ নতুন ওয়েবপেজ ‘রক্তস্পন্দন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের উদ্বোধন করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ও ডা. এম এ তাইফুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখ করা হয়, এই ওয়েবঅ্যাপ চালু করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফার ২৬তম দফা “সবার জন্য স্বাস্থ্য” ও “সার্বজনীন চিকিৎসা” ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে।
ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব, BSCI এর সহ-সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিটু ওয়েবপেজটি উদ্বোধন করেন।
এই উদ্যোগের পেছনে সরাসরি নেতৃত্ব প্রদান করেন
ডা. এম এ তাইফুল হক, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, এবং
ডা. মো. মেহরাব হোসেন অনি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা ছাত্রদলের সাবেক কার্যকরী সদস্য।
ডা. তাইফ ওয়েবঅ্যাপটির ব্যবহারবিধি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, “সাম্প্রতিক মাইলস্টোন ট্রাজেডির ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা দিয়েছে। রক্তের অভাবে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছে। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতা তৈরি হয়েছে। আমরা চাই একটি প্ল্যাটফর্মে সব ব্লাড ব্যাংক ও আগ্রহী ডোনারের তথ্য থাকবে, যাতে প্রয়োজনে সরাসরি ডোনারের সাথে যোগাযোগ করা যায় কোনো ধরনের হয়রানি ছাড়া।”
তিনি আরও জানান, “ভবিষ্যতে এই ওয়েবঅ্যাপ শুধু বিভাগীয় শহরে নয়, বরং প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে। এতে সাধারণ মানুষ সহজেই রক্তদাতাদের সঙ্গে যুক্ত হতে পারবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মো. মাহফুজুর রহমান মনি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাদ, ছাত্রদল নেতা এ কে এম মোস্তাফিজুর রহমান ইশমাম, মোবাশ্বির ইবনে বারী ও মো. আশরাফ হোসেন প্রমুখ।



