গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করার পরও নতুন করে আবারও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা দিয়েছে। পরে ৩০ সেপ্টেম্বর আরও নয়টি নৌযান যাত্রা শুরু করে। এগুলো শিগগিরই একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবে।
এফএফসি জানিয়েছে, নতুন এই বহরে ১১টি নৌযান রয়েছে, যেখানে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু কাজ করছেন। এ উদ্যোগে অংশ নিয়েছে চারটি আন্তর্জাতিক সংগঠন— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।
২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এফএফসি একাধিকবার গাজায় ত্রাণ পৌঁছে দিয়েছে। গত আগস্টে তারা খাদ্য ও ওষুধবাহী ৪৩টি নৌযান পাঠানোর ঘোষণা দিয়েছিল, যা আন্তর্জাতিকভাবে “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” নামে পরিচিত।
ফ্লোটিলা জোট বলেছে, ইসরাইলি বাধা সত্ত্বেও গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।



