নারায়ণগঞ্জ, শনিবার ─ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, “একটি দল নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে। তারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে এবং মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। আমাদের সবাইকে তাদের থেকে সতর্ক থাকতে হবে।”
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত ‘আজমতে সাহাবা সম্মেলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মনির হোসাইন কাসেমী।
সালাহউদ্দিন আহমদ সরাসরি কোনো দলের নাম না বললেও তাঁর বক্তব্যের ইঙ্গিত ছিল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে। তিনি বলেন, “আমরা মদিনার ইসলামে বিশ্বাসী—যে ইসলাম রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম প্রচার করেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। আমরা কোনো মওদুদি ইসলামের অনুসারী নই। যারা ফিতনা ছড়িয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে।”
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী রাজনীতি করেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে এবং মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো ফ্যাসিবাদী রাজনীতি ও অপরাজনীতির অবসান ঘটিয়ে দেশে আদর্শিক, নৈতিক ও ইসলামসম্মত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। ইসলাম ও ন্যায়ের পথে চললেই সুস্থ রাজনীতি ফিরিয়ে আনা সম্ভব।”
সম্মেলনে আরও বক্তব্য দেন আওলাদে রাসুল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম, বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য আবু আল ইউসুফ ও যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার প্রমুখ।



