আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর বা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে কিছু কথা বললেও, আসলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। তিনি নিশ্চিত করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রোববার সকালে রাজশাহী লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, “নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সরকারের পক্ষ থেকে নির্বাচনের আয়োজনের ব্যাপারে দৃঢ়সংকল্প রয়েছে।”
তিনি আরও বলেন, “১৬-১৭ বছর ধরে অনেক মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারেনি। প্রায় ৫ কোটি মানুষ জীবনে একবারও ভোট দিতে পারেনি। তাই নির্বাচনের উত্তেজনা ও উৎসাহ দেখা যাচ্ছে।”
জামিন বিষয়েও উপদেষ্টা জানান, বিচারকের সিদ্ধান্তের পাশাপাশি পুলিশি রিপোর্ট ও প্রমাণের ওপর ভিত্তি করে জামিন দেওয়া হয়। তবে যারা জামিন পাওয়ার পর একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করতে পারে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে।
আসিফ নজরুল জানান, আদালতের কাজের চাপ কমাতে একাধিক বিচারক রাখা হচ্ছে এবং আদালত সংস্কারের মাধ্যমে জনগণ সুফল পাবেন।



