বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লায় টানা কয়েক দিন ধরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি চলছে। জেলার বিভিন্ন এতিমখানায় পশু সদকা, কোরআন খতম, খাবার বিতরণ ও বিশেষ দোয়ার আয়োজন এই কর্মসূচির অংশ হিসেবে অব্যাহত রয়েছে।
বুধবার (৩ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তম দিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন এতিমখানার প্রধানদের হাতে খাসি ও ছাগল তুলে দেওয়া হয়। উদ্যোগটির পৃষ্ঠপোষক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি এসএ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন এতিমখানার দায়িত্বশীলেরা।
এই পর্যায়ে কুমিল্লার মোট ১৬টি মাদরাসায় সদকার পশু বিতরণ সম্পন্ন হয়েছে। সদকা কার্যক্রম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা ইব্রাহিম খলিল। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতম, বিশেষ প্রার্থনা এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই হাজী ইয়াছিন এ মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি শুধু আহ্বানেই সীমাবদ্ধ থাকেননি; বরং স্বশরীরে সময়, শ্রম ও অর্থ ব্যয় করে অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করছেন—যা সাধারণ মানুষ থেকে এতিম শিশু সবাইকে সম্পৃক্ত করেছে।
আয়োজক পক্ষ জানিয়েছে, কুমিল্লার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানে সদকা বিতরণ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। পাশাপাশি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া–মোনাজাত আয়োজনও নিয়মিতভাবে চলবে।



