ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে যুক্ত একজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য দেন। ফেসবুকে তিনি লিখেছেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে যুক্ত ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল) নামের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রকাশিত ছবিতে লালবৃত্তে চিহ্নিত ফয়সাল ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ওসমান হাদির ঠিক পাশে বৈঠকে বসে ছিলেন। ফয়সালকে জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী হিসেবে উল্লেখ করেছেন তিনি।



