ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে আজ সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এরপর বেলা ১১টায় বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। শুক্রবার সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে হাদির ওপর গুলিবর্ষণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এর আগে হাদি গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করেন।



