গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে হাদির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। একই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলায় জুবাইদা রহমান সিসিইউ-এর বাইরে হাদির ভাই-বোনের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত নেন। এ সময় বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহ উপস্থিত ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে রাতেই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।



