ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদির যদি কিছু হয় তাহলে এর দায়ভার ইন্টেরিম সরকারকেই নিতে হবে। তিনি আরও দাবি করেন, প্রয়োজন হলে দ্রুত হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। ইনকিলাব মঞ্চ শনিবার দুপুর ১২টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে রাতেই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মাথার ভেতর অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি, গুলি মাথা ভেদ করে বেরিয়ে গেছে বলে সার্জনরা জানিয়েছেন।



