ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় পলাতক প্রধান আসামিকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে নুরুজ্জামান নোমানীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অভিযোগ অনুযায়ী, তিনি মামলার আরেক আসামিকে ভাড়ায় নেওয়া একটি গাড়িতে করে নিরাপদে পালাতে সহায়তা করেন। এ সময় তিনি গাড়িচালককে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন বলেও পুলিশ দাবি করেছে।
পুলিশ আরও জানায়, মামলাটির গুরুত্ব ও চাঞ্চল্যকর চরিত্র বিবেচনায় নিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ জড়িত অন্যদের শনাক্ত করা জরুরি। পাশাপাশি হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার এজাহার থেকে জানা যায়, অভ্যুত্থান-পরবর্তী সময়ে শরিফ ওসমান হাদি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তোলেন এবং এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে হাদির মাথা ও ডান কানের নিচে গুলি লেগে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



