শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeজাতীয়ভীতিমুক্ত পরিবেশে নির্ভয়ে মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

ভীতিমুক্ত পরিবেশে নির্ভয়ে মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ স্টাফ রিপোর্টার প্রকাশ ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু জনগণের নির্ভীক মত প্রকাশ, আর সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আপনি দেশের মালিক, আগামী পাঁচ বছর দেশ আপনার পক্ষে কে চালাবে তা আপনিই ঠিক করবেন। সোমবার ২২ ডিসেম্বর বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ভোটের গাড়ি’ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচার কার্যক্রম এর মধ্য দিয়ে শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে, সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট—এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি। তিনি জানান, ১০টি ভোটের গাড়ি বা ‘সুপার ক্যারাভান’ দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। তিনি বলেন, ভোটাধিকার কারও দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার, আর এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা নির্ধারণ করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান শুধু একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহন করবে এবং জানিয়ে দেবে একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণেই গণতন্ত্র শক্তিশালী হয়—এই বার্তাই দেবে। প্রধান উপদেষ্টা তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের উদ্দেশে বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন ও বুঝুন, তারপর পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিয়ে চিন্তাভাবনা করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটাররা জুলাই সনদের ওপর গণভোটেও ভোট দেবেন। দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এই সনদ তৈরি হয়েছে, আর জনগণ এই সনদ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদ পথে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments