বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাবি শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন। শিবির সূত্রে জানা যায়, মুজাহিদ ফয়সাল বিগত কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন এবং তিনি রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী, বর্তমানে এমফিলে অধ্যয়নরত। নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান রাবির আরবি বিভাগের ২০১৮–২০১৯ সেশনের শিক্ষার্থী। নতুন নেতৃত্ব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানানো হয়েছে। সদস্য সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।



