চলতি জানুয়ারির প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৫১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জানুয়ারির প্রথম তিন দিনে প্রবাসী আয় ছিল ২১ কোটি মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৭ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে এক হাজার ৬৫৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল এক হাজার ৩৯৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।



