মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে না রাখলেও বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজের চাহিদা এখন তুঙ্গে।রাজনৈতিক কারণে আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন। পাকিস্তানের এ লিগে বাঁহাতি এই বোলারকে দলে নেওয়া হয়েছে বলে পিএসএলের ফেসবুক ও এক্সের অফিসিয়াল পেজে নিশ্চিত করা হয়েছে। মোস্তাফিজের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতে হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’মোস্তাফিজের দল এখনো চূড়ান্ত হয়নি। তবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে যে দল তাকে পাবেন, সেটি প্রায় নিশ্চিত। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছিলেন মোস্তাফিজ।



