বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে মাঠে নামবেন। জানা গেছে, সিলেট থেকেই তিনি নির্বাচনি প্রচার শুরু করবেন। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, তারেক রহমান পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করবেন। এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। গত শনিবার ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি ২২ জানুয়ারি থেকে দলের পরিকল্পিত কার্যক্রম জনগণের সামনে উপস্থাপন করবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর পরদিন ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।



