ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এর বাইরে দেশের কারাগারে থাকা বন্দি এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছিলেন, যাদের মধ্যে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী বাংলাদেশি।



