ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ অভিনন্দন জানায়।বার্তায় সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানানো হয় এবং নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি।এর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন বার্তা পাঠান। যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।এরই ধারাবাহিকতায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসনের পক্ষ থেকেও অভিনন্দন বার্তা পৌঁছায়।



