শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeজাতীয়বিদ্যুৎ চুরিতে হাজারো রিকশা চার্জ, রাজস্ব হারাচ্ছে সরকার

বিদ্যুৎ চুরিতে হাজারো রিকশা চার্জ, রাজস্ব হারাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অসংখ্য অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট। সড়কের পাশে, গলিতে এমনকি ফুটপাতে বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি ‘হুক’ লাগিয়ে চলছে এই চার্জিং বাণিজ্য। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ ও অবহেলার সুযোগ নিয়ে একটি চক্র প্রতিদিন হাজার হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

সরেজমিনে ২১ এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা, বেগুনবাড়ি, বিটাক মোড়, সিদ্দিক মাস্টারের মোড় ও বিএসটিআই সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার দুই পাশে শত শত অটোরিকশা সারিবদ্ধভাবে রেখে চার্জ দেওয়া হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি তার টেনে মাল্টিপ্লাগের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছে। কোনো কোনো গ্যারেজে নামমাত্র একটি বৈধ মিটার থাকলেও এর আড়ালে অবৈধ লাইন দিয়ে ৮-১০টি রিকশা চার্জ দেওয়ার কাজ চলে। প্রতিটি অটোরিকশা পূর্ণ চার্জ দিতে চালকদের গুনতে হয় ১০০ টাকা। গ্যারেজ কর্মচারীদের মতে, এলাকায় দেড় শতাধিক গ্যারেজে প্রায় ৮-১০ হাজার রিকশা চার্জ দেওয়া হয়, যার বড় অংশই অবৈধ প্রক্রিয়ায়।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের তথ্যমতে, রাজধানীতে প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার অবৈধ চার্জিং পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। তবে ডিপিডিসি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাত্র ১২টি স্টেশনের বৈধ অনুমোদন দিয়েছে। অবৈধ সংযোগের বিষয়ে ডিপিডিসির উপবিভাগীয় প্রকৌশলী তানভীর আহমেদ সিদ্দিক কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জানান, তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন এবং গত দুই মাসে ১৭ বার অভিযান চালানো হয়েছে। তবে স্থানীয় চালক ও বাসিন্দাদের দাবি, অভিযানের পরও পুনরায় এই অবৈধ ব্যবসা চালু হয়ে যায়, যা বন্ধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments