আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শপথ পাঠের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার জারি করা চিঠিতে জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে একযোগে এই শপথ পাঠ করাতে হবে। এর আগে ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাউশিকে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও একই নির্দেশনা দিয়ে সারাদেশে শিক্ষার্থীদের শপথ পাঠ আয়োজনের অনুরোধ জানিয়েছে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শপথে বলা হয়েছে—আমি শপথ করছি, জীবনে কোনোদিন নারী বা শিশু নির্যাতন করব না, কোনো ধরনের সহযোগিতা করব না এবং কোথাও এমন ঘটনার আশঙ্কা দেখলে তা প্রতিরোধের চেষ্টা করব। কোনো ঘটনা প্রতিরোধ করা সম্ভব না হলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশুর পক্ষে অবস্থান নিয়ে কুইক রেসপন্স টিম (০১৭১৩৬৫৯৫৭৩, ০১৭১৩৬৫৯৫৭৪) বা জাতীয় হেল্পলাইন ১০৯–এ কল করে প্রয়োজনীয় সহায়তা করব। শপথের শেষে শিক্ষার্থীরা সৃষ্টিকর্তার কাছে শক্তি প্রার্থনা করে বলবে—আমি যেন এই শপথ রক্ষা করে আমার গ্রাম, শহর ও দেশকে নারী ও শিশুদের জন্য আরও নিরাপদ করতে পারি।



